রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার সকাল ১০টার পর থেকে রাজধানীতে শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা আসলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান গতকাল সংবাদ মাধ্যমকে বলেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, অভিযানের ব্যাপারে সবাই সহযোগিতা করছেন। আমরা রাজধানীবাসীর সকলের সহযোগিতা নিয়ে এ ধরনের অভিযোগ চলমান রাখবো। ফুটপাত মুক্ত রাখবো।
ডিএমপির গনমাধ্যম শাখা জানায়, সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতয়ালী ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলামটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।
ট্রাফিক রমনা বিভাগের সার্জেন্ট রাসেল আহমেদ বলেন, গাড়িগুলোর নম্বর ভিডিও করে মামলা দেওয়া হচ্ছে। এ অভিযানে মগবাজারের দিলুরোডে ফুটপাতে মালামাল ও চুলা রেখে ব্যবসা করার অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভা-ারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনে কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় পরিচালিত অভিযানে ৬ জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।
শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে অভিযানের খবর পেয়ে ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নিতে দেখা যায় ব্যবসায়ীদের। এসময় সেখানে থাকা একজন ম্যাজিস্ট্রেট সবাইকে সতর্ক করে দেন। একইভাবে মিরপুরের শেওড়াপাড়ায়ও ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসাইন বলেন, গণবিজ্ঞপ্তির পর ফুটপাত কিছুটা মুক্ত হয়েছে। বাকিটুকু মুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেফতার করা হয়।