রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, তিনি সোমবার প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন।

তার স্ত্রী জেসমিন আরা বলেন, রাতে উনি (আলী মাহমুদ) বাসায় ফেরেননি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে জাতীয় প্রেস ক্লাবে যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, ওয়াশরুমে উনার দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।

আলী মাহমুদের জন্ম ১৯৫৬ সালে, রাজশাহীর পবায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। তার প্রথম কর্মস্থল রাজশাহীর দৈনিক বার্তা। এরপর ঢাকায় এসে যোগ দেন দৈনিক দিনকালে। দীর্ঘ দিন এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

আলী মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন; বিএনপির মিডিয়া সেলেরও তিনি সদস্য ছিলেন।

আলী মাহমুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈনিক দিনকালসহ সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দৈনিক দিনকালের সাংবাদিকরা বলেন, অত্যন্ত সাদাসিদে মানুষ ছিলেন আলী মাহমুদ। কারো বর্ণনায় তিনি আপাদমস্তক একজন ওয়ার্কিং জানালিস্ট, তিনি সব সময়ে মাঠেই কাজ করতেন।

তার মৃত্যুতে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া পৃথক পৃথক শোক বার্তা দিয়েছেন। সেখানে মরহুমের আত্মর মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী পৃথক শোক বার্তায় আলী মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

জানাযা অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালের নগর সম্পাদক সাংবাদিক আলী মামুদের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিআরইউ প্রাঙ্গণে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ডিআরইউ সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে মরহুমকে শেষ বিদায় জানান।