দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানম এবং শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সানজিদা খানম এবং নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের সহকারি পরিচালক ইসমাইল হোসেন। সানজিদা খানমের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

সানজিদা খানম দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জেনেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক আবেদনে বলা হয়।

আর নজরুল ইসলাম খানের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান নিয়োগে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।

নজরুল ইসলাম খানও দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তদন্তে উঠে এসেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানিয়েছে দুদক।