সিলেটের কানাইঘাট পৌরসভার সবশেষ নির্বাচন হয়েছিলো ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি। সেই নির্বাচনের ফলাফলে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানকে মেয়র ঘোষণা করা হয়েছিল। তবে ভোটের ৫ বছর পর ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. সুহেল আমিনকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট সংশোধন করেছে।
নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনি ট্রাইব্যুনালে দায়ের করা নির্বাচনি মামলা নংÑ০১/২০২৩ এর ৭ জানুয়ারি আদেশে কানাইঘাট পৌরসভার মেয়র পদে নির্বাচনে নির্বাচিত প্রার্থী লুৎফর রহমানের নাম বাতিল করা হয়। একই আদেশে ‘জগ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মো. সুহেল আমীনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
ট্রাইব্যুনালের ওই আদেশের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২১ সালের ২৯ মার্চ প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার ৭১২৭ নম্বর পৃষ্ঠায় সংশোধন আনে। সংশোধিত গেজেটে কানাইঘাট পৌরসভার মেয়র হিসেবে লুৎফর রহমানের পরিবর্তে মো. সুহেল আমীনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেজেট অনুযায়ী, মো. সুহেল আমীনের পিতা মৃত ইসহাক আলী। তার ঠিকানা দেয়া আছে গ্রাম রায়গড়, ডাকঘর কানাইঘাট Ñ৩১৮০, উপজেলা কানাইঘাট, জেলা সিলেট। পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর পরিবর্তে ‘স্বতন্ত্র’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।