রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালকসহ দুই জন নিহত হয়েছেন। খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে, ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তায় একটি দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয়ের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছেন। অন্যদিকে, রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে সাকিবুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে বনশ্রীর সিঙ্গার শোরুমের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চাপায় স্কুলছাত্র সাজেদুল ইসলামের মৃত্যু হয়। নিহত সাজেদুল ইসলাম খিলগাঁও থানার ১৩/৬ ওমর আলী লেনের আব্দুল হাকিমের ছেলে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় চালক ও গাড়িটিকে জব্দ করা হয়েছে।

গাড়ির চাপায় প্রাণ গেলো যুবকের: এদিকে রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তায় একটি দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়ারী থানার উপ-পরিদর্শক মাইনুদ্দিন জানান, দিবাগত রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওয়ারী থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাকিবুল হাসান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় পুকুর থেকে সাকিবুলকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাকিবুল হাসানের বাবা আব্দুল করিম বলেন, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইনস পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার নাইগাড়ি এলাকায়। বর্তমানে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ: রাজধানীর কোতোয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতোয়ালী থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবদল নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলি লেগেছে।