বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচী-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। ২৯ জানুয়ারী ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ রাত ৮টায় করাচীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইমরান হায়দার, এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মোঃ সাফিকুর রহমান । এছাড়াও মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিমানের প্রথম ফ্লাইট করাচীতে পৌঁছাবে ২৯ জানুয়ারী স্থানীয় সময় রাত ১১:০০ টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচী থেকে ৩০ জানুয়ারী রাত ১২:০১ টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে একই দিন স্থানীয় সময় ভোঁর ০৪:২০ টায়। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী যাত্রা করেন।

২৯ জানুয়ারী থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ০৮:০০টায় যাত্রা করে করাচীতে পৌঁছাবে রাত ১১:০০ টায় এবং করাচী থেকে স্থানীয় সময় রাত ১২:০১ টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে একই দিন ভোর ০৪:২০ টায়।

এই রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেসবিজ্ঞপ্তি।