বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনা কর্মকর্তারা হলেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতলিব এস এম সুলিমান। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে লিবিয়ার রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এ সমর্থনের জন্য লিবিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে লিবিয়ার এই সমর্থন দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই ৩ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করেছে সরকার। এসব রদবদলের ফলে এই তিন সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়।