আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মতিয়ার রহমানের সমর্থনে ঝিনাইদহে জামায়াতে ইসলামীর মহিলা জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মহেশপুরের কোটচাঁদপুরে মহেশপুর হাই স্কুল মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহেশপুর উপজেলা জামায়াত আমির অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, মহেশপুরের কোটচাঁদুর, ভিনায়া ও ধিনেদা তিনটি এলাকাকে আধুনিকভাবে গড়ে তুলতে চাই। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে চাই। আইন-শৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে চাঁদাবাজমুক্ত, চোরাকারবারিমুক্ত , মাদকমুক্ত একটি আদর্শ মহেশপুর কোটচাঁদপুর গড়ে তোলা হবে। এছাড়া বেকারদের হাতে-কলমে শিক্ষা দিয়ে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি প্রত্যেক মা-বোনেদের হাতে-কলমে শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কথা বলেন তিনি। এসময় তিনি কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ইশতেহারের বাস্তবায়ন করে ঝিনাইদহ-৩ আসনকে সমৃদ্ধশালী করে গড়ে তোলার আশ্বাস দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা নায়েবে আমির মোঃ আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও অধ্যক্ষ আব্দুল হাই।