বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার। ইসলামী নীতিমালার আলোকে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটিয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, সৎ ও ন্যায়ভিত্তিক ব্যবসা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩ ঘটিকায় পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কপিলমুনি বাজার শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ বাজারকে ঘিরেই হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তিনি বলেন, কপিলমুনি বাজারের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুললে এ অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। একই সঙ্গে চলমান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকট নিরসনে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি সকালে কয়রা উপজেলা জামায়াত অফিস মাঠ প্রাঙ্গণে নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির পরিচালকদের নিয়ে এক জনসভায় এবং পরে হরিঢালী ইউনিয়নে আয়োজিত মহিলা নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেন।
কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ ও ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা যাত্রাবাড়ী থানা কর্মপরিষদ সদস্য জনাব মোস্তফা আল মাদানী, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা-কয়রা অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও শিল্পখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।