সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে শীতের হিমেল রাতে নিঃশব্দে কাঁপছে একটি ঘর। সেই ঘরে কোনো বেড়া নেই, নেই নিরাপত্তা-মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধ হোসেন আলী। তিনি ঐ গ্রামের মৃত বাবু মিয়ের বড় ছেলে।

নিজের মাথা গোঁজার মতো ঘর থাকলেও তা আজ শীতের কাছে অসহায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধের ছেলে নেশায় আসক্ত। নেশার টাকার জোগান দিতে সে বাবার ঘরের টিনের বেড়া খুলে বিক্রি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।

ঘরের চারপাশে বেড়া না থাকায় হু হু করে ঢুকছে শীতের বাতাস। কনকনে ঠা-ায় কাঁপতে কাঁপতে বৃদ্ধ হোসেন আলী পুরোনো, ছেঁড়া ও পরিত্যক্ত কাপড় দিয়ে কোনোভাবে ঘরের ফাঁক ঢেকে দিন পার করছেন। রাতে ঠিকমতো ঘুম আসে না; শীতে শরীর অবশ হয়ে আসে।

একজন প্রতিবেশী আক্ষেপ করে বলেন, “একে তো চরম অর্থকষ্ট, তার ওপর ছেলের অত্যাচার। লোকটা খুব কষ্টে আছে। নিজের ছেলে এমন করবে ভাবিনি। শীতের রাতে মানুষটা কীভাবে থাকে, আল্লাহই ভালো জানেন।”

এই বৃদ্ধ হোসেন আলীর কোনো অভিযোগ নেই, নেই কোনো দাবি- শুধু একটু উষ্ণতা আর নিরাপত্তার আশায় দিন কাটছে তার। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহানুভূতি ও সহযোগিতাই পারে এই অসহায় মানুষটির জীবনে অন্তত কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে।