বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটিবাড়িয়া গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিছিল করায় জাহিদুল ইসলাম নামে এক কৃষকের জমিতে লাগানো ধান তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

সোনারায় ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম বলেন, সোমবার রাতে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এলাকায় বিশাল মিছিল বের হয়। এতে ক্ষিপ্ত হয়ে কে বা কারা মিছিলকারী ৩ কর্মী-সমর্থকের জমির লাগানো ধান তুলে নিয়ে গেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, মিছিল করার পর এ ঘটনা ঘটলো।

বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত এই আসনে এবার বিএনপির গাবতলী উপজেলা সভাপতি মোর্শেদ মিল্টন ধানের শীষে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।