নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে বগুড়া-৬ সদর আসনে উগ্র আচরণ শুরু করেছে বিএনপির কর্মী-সমর্থকরা। প্রতিনিয়ত জামায়াতের কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে তারা। সবশেষ শুক্রবার সকালে বগুগড়া শহরের ৬নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার গণসংযোগে বাধা প্রদান এবং জামায়াত নেতাকর্মীদের মারপিট করেছে বিএনপি নেতা ও কাউন্সিলর পরিমল চন্দ্রের লোকেরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি এড. আল-আমিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ৬নং ওয়ার্ড জামায়াতের আমির হানজেলার নেতৃত্বে জামায়াতের একদল কর্মী শহরের উত্তর চেলোপাড়া এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে বটতলা এলাকায় তাদের বাধা প্রদান করে। একপর্যায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের লোক হিসেবে এলাকায় পরিচিত আব্দুস সালাম এবং গোলাপ নামের দুই বিএনপি সমর্থক জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তারা উপর্যুপরি কিল ঘুষি মারতে থাকে। ভবিষ্যতে এই এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট না চাওয়ার জন্য হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন এসে হামলাকালীদের হাত থেকে জামায়াত নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে, ভোট চাওয়ায় বাধা প্রদান এবং নেতাকর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া শহর জামায়াত। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সেই সাথে সবার জন্য নির্বাচনী প্রচারনায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।