আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিজানুর রহমান বলেন, ‘সারা দেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনী লড়াই করে যাচ্ছিলাম।

এতে দল ও ইসলামের বিজয়ের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লাকে) সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি। এখন আমাদের বিজয়ের বিষয়ে আর বাধা রইল না, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমি আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গেই পরামর্শ করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

আমার দেড় বছরের সাজানো-গোছানো ফরিদপুর-৪-এর নির্বাচনী মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও জোটকে সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।’

জামাতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ‘১১ দলের দুজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনী মাঠে ছিলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী আমার জোটের ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছেন। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব, ইনশাআল্লাহ।