পার্বতীপুর সংবাদদাতা
আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে বিভিন্ন স্লোগান দেয়ার অপরাধে পার্বতীপুরে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করছে সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শী ও পার্বতীপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়-ওইদিন সকাল ১১টার দিকে দলীয় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী এসে দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামীলীগ দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিষয়টি জানতে পেরে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয় থেকে শহরের দক্ষিণপাড়ার ফজলুর রহমানের ছেলে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এইচ সাজ্জাদ হোসেন, বাসুপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে সাবেক আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, কৈবত্ত পাড়ার হরেন্দ্র নাথ রায়ের ছেলে মন্মথপুর ইউনিয়ন নেতা গৌরাঙ্গ সরকার, সরকারপাড়ার হোসেন আলীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন ও একই গ্রামের আবু বক্করের ছেলে আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। পার্বতীপুর শহরের আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে নেতাদের গ্রেফতার করায় পার্বতীপুর মডেল থানা পুলিশের প্রশংসা করছে সর্বস্তরের সাধারণ মানুষ। হোটেল রেস্তোরা এমনকি রাস্তাঘাট ও মোড়ে মোড়ে লোকজন বলাবলি করছে পুলিশ সঠিক সময়ে সঠিক কাজটি করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ওসি এ ফারুক বলেন-উপজেলার বিভিন্ন এলাকার ৫০ থেকে ৬০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে অফিসের তালা খুলে ভিতরে প্রবেশ করে। পরে অফিসের সামনে রাস্তায় বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে। বিষয়টি জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যাই এবং ৫জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করি এবং বাকীরা পালিয়ে যায়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।