সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার আরামনগর বাজার চা পট্টির একটি দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের চা দোকানদার ওহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। নিহত রাসেল হোটেল কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। আর এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে।