গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। সম্প্রতি জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল চার্জার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও। এতে তিনটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়ে।

খবর পেয়ে জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং দ্রুত পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, “দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য যা যা প্রয়োজন, তা করা হবে।”

স্থানীয়রা জানান, আকস্মিক এ অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শীত ও শুষ্ক মৌসুমে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণের মতো ঘটনায় অগ্নিকা-ের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।