স্বনামধন্য কৃষিবিজ্ঞানী ড. মুহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ অনুযায়ী তিনি বারি'র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে পরিচালক (গবেষণা) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে পর্যায়ক্রমে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পদে পদোন্নতি লাভ করেন। কৃষি গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে তার অবদান প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি ২০০৫ সালে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে গমের তাপসহনশীলতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে তিনি নেপাল, ভারত, ভুটান, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মালেশিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধ কৃষি গবেষণায় বিশেষভাবে প্রশংসিত।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৬৭ সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। তার নেতৃত্বে বার্টির গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং টেকসই কৃষি উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।