বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কতুবদিয়া) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, শেরপুর-৩ আসনে একটি দলের সন্ত্রাসী হামলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের শাহাদাতের ঘটনাই প্রমাণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি দল। তারা মুখে বলে গণতন্ত্র কাজের মধ্যে ষড়যন্ত্র। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আসলেই তারা সহিংসতার পথে হাটছে। তারা নারীর ক্ষমতায়নের কথা বলে কিন্তু নারীদের হেনস্থা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথ সভায় তিনি এসব মন্তব্য করেন। ড. হামিদুর রহমান আযাদ বলেন, মাঠ পর্যায়ে প্রতিদ্ব›িদ্ধতা বাড়লেও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি সরকার । বাংলাদেশের বিভিন্ন আসনে জামায়াত তথা ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচার প্রচারণায় বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা চালিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে। তারা তাদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। বাংলাদেশের জনগণ কোন সন্ত্রাসী কর্মকা-কে মেনে নিবেনা। তারা ব্যালেটের মাধ্যমে তার সময়োচিত জবাব দিবে। এসময় তিনি শেরপুর-৩ আসনের জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের উপর হামলার তীব্র নিন্দা জানান। হোয়ানক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার গণসংযোগ শুরু করেন তিনি। সকাল থেকে হোয়ানক ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছনখোলা পাড়া, হরিয়ার ছড়া, কালাগাজির পাড়া, খোরশা পাড়া, হোয়ানক টাইম বাজার, বানিয়া কাটা, বড়ছড়া বাজার, রাজুয়ার ঘোনা, কেরুন তলি বাজার, কালালিয়া কাটা, মুহুরা কাটা ও পানির ছড়া বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে দেখা করে কুশল বিনিময় করে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মহেশখালী উপজেলা দক্ষিণের নায়েবে আমীর মাষ্টার আজিজুল হক, মাষ্টার আক্তার কামাল, হোয়ানক ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল মালেক, সেক্রেটারি সৈয়দ কবির, মাওলানা মোঃ ইসহাক, মুমিনুল হক খোকনসহ তৃনমুল নেতৃবৃন্দ।