বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তার নাম আহসান হাবিব (৪৬)। গত শনিবার দিনগত রাত আড়াইটায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আবিদুর রহমানের ছেলে। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফাইটার পদে কমর্রত ছিলেন।
শেরপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় আগে ওই ফায়ার স্টেশনে দুর্ঘটনার একটি সংবাদ আসে। তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান ফটকের দরজা খুলেন আহসান হাবিব। এ সময় মহাসড়কে চলাচলকারী গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন তিনি। তার সিগন্যাল পেয়ে বগুড়াগামী একটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে যান। একপর্যায়ে একই দিক থেকে আসা আরেক যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি আহসান হাবিবকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থান ফাইটার আহসান হাবিবকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফাইটার আহসান হাবিবের লাশ গ্রামের বাড়িতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনার পর ওই ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। তবে গাড়ি দু’টির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।