কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : বাংলাদেশ আর আগের মতো নেই-এ মন্তব্য করে দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং কসবা-আখাউড়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার।
সম্প্রতি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সূচনা উপলক্ষে কসবা পৌরসভার মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান সরকার বলেন, “যারা এখনো কেন্দ্র দখল ও ভয়ভীতির তালিকা প্রকাশের চিন্তা করছে, তারা মনে রাখবেন-এটা ১৫ বছর আগের বাংলাদেশ নয়। এই দেশে আর মাস্তানি, চাঁদাবাজি ও দখলদারিত্ব চলবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজি হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, “আজকের পর আমাদের কোনো নেতাকর্মী যদি হুমকির মুখে পড়ে, তার সম্পূর্ণ দায় প্রশাসনকে নিতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে বিনা চ্যালেঞ্জে কিছুই ছেড়ে দেব না।”
কসবা-আখাউড়ার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামের ওপর আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে আমরা আপনাদের একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নিরাপদ কসবা-আখাউড়া উপহার দিতে পারবো।”
কসবা উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি জেনারেল গোলাম সরোয়ার, পৌর জামায়াতের আমীর হারুনুর রশীদ, এনসিপি নেতা তানভীরুল ইসলাম শাহিন ও হেফাজত নেতা মাওলানা ইউনুস করিম বেলালসহ আরও অনেকে।