বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ নানামুখী মানবসৃষ্ট চাপ ও পরিবেশগত সংকটে বিপন্ন। বনভূমির ওপর অব্যাহত আক্রমণ, বন্যপ্রাণী শিকার, নদী ও শিল্পদূষণ, প্লাস্টিক-পলিথিনের বিস্তার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সুন্দরবনের বাস্তুসংস্থানকে ক্রমেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এ প্রেক্ষাপটে বন ও বন্যপ্রাণী ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী নেতারা। একই সঙ্গে সুন্দরবনের দীর্ঘমেয়াদি সুরক্ষায় কার্যকর ও বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মোংলা পৌর শহীদ মিনার চত্বরে ‘সুন্দরবন দিবস’ উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’, Waterkeepyers Bangladesh এবং ‘পশুর রিভার ওয়াটারকিপার’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির সহ-আয়োজক ছিল উত্তরণ, সিএনআরএস, বাদাবন সংঘ ও সার্ভিস বাংলাদেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’-এর সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ক্রীড়াবিদ শেখ রুস্তুম আলী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান এবং ব্যবসায়ী ও বিএনপি নেতা নাসির তালুকদার। এছাড়া স্থানীয় জেলে প্রতিনিধি বিদ্যুৎ মন্ডল ও আব্দুর রশিদ হাওলাদার, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, সাংস্কৃতিক সংগঠক জানে আলে বাবু, গীতিকার মোল্লা আল মামুন, সার্ভিস বাংলাদেশ-এর মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী আফরোজা হীরা, কমলা সরকার, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের হাসিব সরদার ও ইয়ুথ লিডার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।