চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় ডাস্টবিন স্থাপনকালে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গা পৌরবাসীকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই। সবার আন্তরিক সহযোগিতা পেলে চুয়াডাঙ্গাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন। গত সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া এলাকায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দা, পৌরসভার কর্মী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বলেন, ৮ নম্বর ওয়ার্ডের মুন্নামোড় থেকে সদর হাসপাতাল সড়কের পাশের অংশ দীর্ঘদিন ধরে ময়লার স্তুপে পরিণত হয়েছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে সেখানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হয়েছে।

আশা করছি এ উদ্যোগের ফলে এলাকার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হবে। তিনি আরও বলেন, একটি শহরের সৌন্দর্য কেবল অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; নাগরিক সচেতনতা ও পরিচ্ছন্নতাবোধই একটি শহরকে সত্যিকার অর্থে উন্নত করে তোলে। মানুষ যেন চুয়াডাঙ্গা শহরকে নিট অ্যান্ড ক্লিন হিসেবে পায়, সে জন্য আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। পৌর এলাকার যেসব স্থান অপরিচ্ছন্ন রয়েছে, সেগুলো চিহ্নিত করে নোটিশের মাধ্যমে দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেয়া হবে। পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। আপনাদেরও দায়িত্বশীল হতে হবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও ময়লা ফেলবেন না। আমরা সবাই মিলে সচেতন হলে একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবো।

রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রতিও বিশেষ আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভেজাল পণ্য বিক্রি কিংবা ভোক্তাদের ঠকানোর মতো অপরাধ থেকে বিরত থাকুন। প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। আমরাও বাজারগুলো পরিদর্শন করবো। কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।