গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম জোরদার করতে শনিবার মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। উন্নয়ন কাজের গতি, মান এবং সময়সীমা নিশ্চিত করতে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি মহানগরীর ৪ ও ৫ নম্বর জোনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং বাস্তবায়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে জানান, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমান বরদাশত করা হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মত কাজ সম্পন্ন করতে হবে।
এ সময় তিনি পোড়াবাড়ী-মাস্টারবাড়ি থেকে কাউলতিয়া বাজার হয়ে সাকাশ্বর ব্রিজ সংযোগ সড়কের খইলশাবর্থা গ্রাম পর্যন্ত প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন। প্রকল্পের একটি অংশ জলাভূমি হওয়ায় সৃষ্ট জটিলতা নিরসনে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট ভূমি মালিকদের নগরভবনে ডেকে প্রকৌশলীদের সঙ্গে সমন্বিত আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি ২০ নম্বর ওয়ার্ডের মজলিশপুর খালের উপর নির্মিত সরু ব্রিজটি সময়ের চাহিদা অনুযায়ী প্রশস্ত ও সংস্কারের সম্ভাব্যতা যাচাই করেন। একই সঙ্গে জয়দেবপুর শ্মশান ব্রিজ সংলগ্ন চিলাই খালের তীরে ৪ ফুট ফুটপাতসহ ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ কাজও সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে কথা বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরবর্তীতে ২৯ নম্বর ওয়ার্ডের কলের বাজার-ধীরাশ্রম সংযোগ সড়কসহ আশপাশের বিভিন্ন সড়কের কার্পেটিং উন্নয়ন কাজ তদারকি করেন। স্থানীয়দের অভিযোগ ও ভোগান্তির কথা শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। সড়কের মাঝখানে থাকা কবরগুলো বিধি অনুযায়ী স্থানান্তরের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বিকল্প স্থানে কবরস্থান নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
এছাড়া কানাইয়া এলাকায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি ঈদগাহ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি প্রশাসক। তিনি কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিত্যক্ত পুকুর ভরাট করে সিটি করপোরেশনের উদ্যোগে ঈদগাহ নির্মাণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “নগরবাসীর ভোগান্তি কমানোই আমাদের মূল লক্ষ্য। উন্নয়ন কাজ যেন মানুষের জন্য স্বস্তি বয়ে আনে, নতুন করে সমস্যার সৃষ্টি না করে-সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” তিনি টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিতের পাশাপাশি সময়মতো কাজ শেষ করতে হবে।
সিটি প্রশাসক স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, একটি পরিচ্ছন্ন, উন্নত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেবা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
নগরবাসীর প্রত্যাশা-এ ধরনের নিয়মিত সরেজমিন তদারকি অব্যাহত থাকলে উন্নয়ন কার্যক্রমে গতি বাড়বে, কাজের মান নিশ্চিত হবে এবং গাজীপুর একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে।