এএফপি
অধিকৃত ফিলিস্তিনি ভূখ- পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি নাটকীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ৯টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডসের নেতারা এক যৌথ বিবৃতিতে এই কঠোর হুশিয়ারি ও নিন্দা প্রকাশ করেন। যৌথ বিবৃতিতে বিশ্বনেতারা জোর দিয়ে বলেন, ইসরায়েলের এই ধরনের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা বিশেষভাবে উল্লেখ করেন, বিতর্কিত ‘ই-ওয়ান’ এলাকায় যেকোনো ধরনের নির্মাণ প্রকল্পও এই আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বাইরে নয়। মূলত ইসরায়েল প্রশাসন ই-ওয়ান এলাকায় হাজার হাজার নতুন ঘরবাড়ি নির্মাণের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ‘জেরুজালেমকে পূর্ব দিকে অবস্থিত বিদ্যমান অবৈধ বসতি “মালে আদুমিম”-এর সাথে সরাসরি সংযুক্ত করবে, যা ফিলিস্তিনিদের ভৌগোলিক অখ-তাকে সম্পূর্ণভাবে বিপন্ন করবে। বিবৃতিতে বিশ্বনেতারা স্পষ্ট ভাষায় বলেন, “আমরা ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে বসতি সম্প্রসারণ ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বন্ধ করে। একই সাথে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।” ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ভূমি দখলের তীব্র বিরোধিতা করে নেতারা আরও বলেন, “ইসরায়েলি সরকারের কিছু সদস্যসহ যারা ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ফিলিস্তিনি ভূখ- ইসরায়েলের সাথে জুড়ে দেওয়ার (সংযুক্তি) পক্ষে কথা বলছেন, আমরা তাদের এই অবস্থানের তীব্র বিরোধিতা করছি।”