শ্যামনগর সংবাদদাতা: সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাধা, হুমকি ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। গাজী আল ইমরানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি। কিন্তু বর্তমানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হয়রানি, হুমকি ও আইন বহির্ভূত বাধার সম্মুখীন হচ্ছেন, যা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপরই আঘাত হানে না, বরং গণতন্ত্রের চর্চাকেও বাধাগ্রস্ত করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হুসাইন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সদস্য মেহেদী মারুফ মিলন ও মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান প্রমুখ।