মোংলা সংবাদদাতা : মোংলার পশুর নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন এলাকায় নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর তীর থেকে উপুড় অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে উদ্ধারকালে লাশটির পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।