চকরিয়া সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০), নাজিম উদ্দিন (৪৮)।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়: ০১টি সিএনজি অটোরিকশা, ০১টি কোড়াবাড়ি ও ০১টি লোহার খন্তি, ০১টি ধারালো ছোরা ও ০১টি ধারালো দা।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকরিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, আমান্যার চর ব্রীজ এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালালে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে একটি সিএনজিসহ উক্ত ৫ জনকে আটক করা হয়।
চকরিয়া থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যেই সেখানে সমবেত হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে এই রুটের বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৫৩, তারিখ: ২৬/০৫/২০২৬।
চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন জানান, চকরিয়া থানা এলাকায় ডাকাতি ও অপরাধ প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষায় কক্সবাজার জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।