মোংলা সংবাদদাতা : মোংলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের দাবিতে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সকালে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের মিলনায়তনে “নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য” শীর্ষক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ এবং পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তারা ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জাতীয় বাজেটে বিদ্যুৎ খাতের অন্তত ৪০ শতাংশ বরাদ্দ নবায়নযোগ্য জ্বালানি খাতে রাখার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তালুকদার মো. জিয়াদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ।