স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর মহানগরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব ভাওয়াল। সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মহানগরের চায়ের গলি এলাকায় অবস্থিত ভাওয়াল ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমন উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব ভাওয়াল ডা. অধ্যাপক মো. আমিরুল ইসলাম। এসময় তিনি বলেন, পবিত্র ঈদ মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সমাজের সচ্ছল মানুষের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও জানান, রোটারি ক্লাব মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী। তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সেক্রেটারি, রোটারি ক্লাব অব ভাওয়াল রোটারিয়ান মাহমুদুর রহমান পলাশ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে নিজ হাতে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।
আয়োজকরা জানান, সমাজের হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।