বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'ডিজিটাল দক্ষতা উন্নয়ন: এমএস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালা গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টারে ২ মার্চ শুরু হয়ে ৩ মার্চ শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, পেশাগত উৎকর্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে ডিজিটাল দক্ষতা অপরিহার্য। প্রযুক্তির কার্যকর ব্যবহার ও তথ্য সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ ও আইসিটি ইউনিট প্রধান মোঃ মমিনুল ইসলাম। তাঁরা এমএস ওয়ার্ডের উন্নত ব্যবহার, গুগল ওয়ার্কস্পেসে সমন্বিত কাজ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ৩০ কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।