বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো. জাহিদুল ইসলাম রংপুর-৩ আসনের শলেয়াশাহ বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল করার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় ৪৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল রোববার দুপুর ১১টায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গতকাল দুপুর ১১টায় মরহুমের ছোট ভাই হাফেজ শফিকুল ইসলামের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহানগরী আমীর এটিএম আযম খান, মহানগরী সেক্রেটারি মো. আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, রংপুর সদর উপজেলা আমীর মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদের ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।

বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মরহুমের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের সমবেদনা জানান।

শোকবাণী

মো. জাহিদুল ইসলাম-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম গতকাল রোববার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মো. জাহিদুল ইসলাম-এর ইন্তিকালে আমরা একজন সৎ, নিষ্ঠা ও আদর্শবান কর্মীকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজের জন্য অনেক ভূমিকা পালন করেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে মাপ করে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।