সাতকানিয়া সংবাদদাতা

খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে খাগড়াছড়ি ঈদগাহ ময়দানে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ও বান্দরবান জেলা জামায়াতের আমীর মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ, নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম আজাদছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পবিত্র রমযান মানুষের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সংযম ও আল্লাহভীতির শিক্ষা দেয়। রমযানের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, ব্যক্তি জীবনে তাকওয়া প্রতিষ্ঠিত হলে পরিবার ও সমাজেও ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। তাকওয়া মানুষকে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও অবিচার থেকে দূরে রাখে এবং একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শাহজাহান চৌধুরী আরও বলেন, রমযানের শিক্ষা শুধু রোজা পালন বা ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এই শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। সমাজে ন্যায়বিচার, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমেই রমযানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তিনি দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক আদর্শকে সামনে রেখে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে। তাহলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।