নরসিংদী জেলা সংবাদদাতা : শিবপুরের বংশিরদিয়া গ্রামে স্বামী কর্র্তৃক স্ত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্ত্রী সনিয়াকে সু-পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে তার স্বামী নিশিতের ফাঁসির দাবি করেন বক্তারা।

মাববন্ধনে লিখিত বক্তব্যে সনিয়ার আত্মীয় আফরোজা বলেন, প্রায় ১২ বছর পূর্বে বংশিরদিয়া গ্রামের রিপন ভূইয়ার পুত্র নিশিতের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয় পাশর্^বর্তী কামারগাঁও গ্রামের বাদশা সরকারের মেয়ে সনিয়ার। বিয়ে উপলক্ষে মেয়ের বাবা দুই লক্ষ টাকা দেন মোহর দেন ছেলে নিশিতকে। দাম্পত্য জীবনে তাদের ঈশান (৮) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নিশিত শ^শুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতো। মেয়ের বাবা বাদশা মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে নিশিতকে নিজ খরচে সৌদি আরব পাঠায় এবং নিজ এলাকায় ৫শতাংশ জমি কিনে একটি বাড়ি নির্মাণ করে দেয়। সৌদি আরবে কয়েক বছর চাকরি করে নিশিত ২০২৪ সালের প্রথম দিকে বাড়িতে আসেন। এর পর থেকে সে প্রায়ই তার শাশুড়িকে স্বর্ণের ব্যবসা করবে বলে ১০ লক্ষ টাকা দাবি করে আসছিল। যদি দাবিকৃত টাকা না দেয়া হয় তা হলে সনিয়াকে খুন করে ফেলবে বলে প্রায়ই হুমকি দিতো। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সনিয়ার উপর শুরু হয় নানা অত্যাচার নির্যাতন। এতসব অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে ২০২৪ সালের মে মাসে সনিয়াকে হত্যা করে স্বামী নিশিত পালিয়ে যায়। এব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িত স্বামী নিশিতসহ জড়িত অন্যান্যদেরকে গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে।