মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের আমতলা এলাকায় বন্ধুর ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে আইপিএস ঠিক করতে গিয়ে অপু রহমান মোল্লা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হাতিমারা এলাকা সংলগ্ন আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপু রহমান মোল্লা রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকার আলী আকবর মোল্লার ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। সিপাহিপাড়া এলাকায় ‘কাদামাটি’ নামে একটি পোশাক বিক্রির প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি।

স্বজন ও বন্ধুদের সূত্রে জানা গেছে, শুক্রবার বন্ধু শাহ আলমের ছোট বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আয়োজনের কাজে সহযোগিতা করতে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে আইপিএস ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অপু। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিয়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

নিহত অপুর জানাজা কাল শনিবার (২২ আগস্ট) শাখারীবাজার এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।