গাজীপুর জেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অবৈধ মজুদ দমনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জোরদার অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃহস্পতিবার একযোগে মোট ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জ্বালানি তেলের অবৈধ মজুদ, লাইসেন্সবিহীন সংরক্ষণ, অনিয়মিত বিক্রয় এবং সরকার নির্ধারিত মূল্যের ব্যত্যয়সহ বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করা হয়। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫টি পৃথক মামলায় মোট ৭৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করে।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি তেল সঠিকভাবে সংরক্ষণ, নির্ধারিত দামে বিক্রয় এবং আইনানুগভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথাও জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি রোধে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে আরও জোরদার করা হবে।