‘উইন্টার ২০২৫’ টার্মে এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক প্রাণবন্ত অরিয়েন্টেশন রোববার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি নাইজেরিয়া থেকে আগত পিএইচডি শিক্ষার্থীসহ মোট ২৪৯ জন এমএস ও ৫ জন পিএইচডি শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার, মোঃ আবদুল্লাহ মৃধা গাকৃবির একাডেমিক ঐতিহ্য ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রা তুলে ধরেন। নবাগতদের পক্ষে এমএস শিক্ষার্থী উমানা হোসাইন দোলনা, পিএইচডি শিক্ষার্থী মোঃ রাশিদুল ইসলাম এবং নাইজেরিয়ার পিএইচডি শিক্ষার্থী বেদি ইব্রাহিম তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান আবাসিক হলের নিয়মকানুন বিষয়ে দিকনির্দেশনা দেন। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম উচ্চতর শিক্ষা ও গবেষণার কাঠামো ব্যাখ্যা করেন।
ভিসি তাঁর বক্তব্যে বলেন, এমএস ও পিএইচডি ডিগ্রির মাধ্যমে অর্জিত গবেষণালব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ত্বরান্বিত করার পাশাপাশি দেশের কৃষিখাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও মানবকল্যাণে জ্ঞান প্রয়োগের আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।