নরসিংদী সংবাদদাতা : স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে বলে বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। তিনি শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে তাকে দেয়া এক বিরাট সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রূপে পূরণ হবে।
তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও আমাদের সমান ভাবে দায়ভার রয়েছে। সকল প্রতিহিংসার উর্ধ্বে উঠে, সকল বিদ্ধেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো।
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি একাত্ত্বতা পোষণ করে বলেন, আপনারা দোয়া করবেন। যাতে দ্রুত মেডিকেল কলেজ নরসিংদীতে করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতাল সহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালো হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে ২টি আইসিও ইউনিটের ব্যবস্থা করা হবে।
এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-নেত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পরই প্রথমেই তিনি তার নিজ জেলা নরসিংদীতে আসলে তাকে ফুলেল শুভে”ছা জানান মনোহরদী- বেলাবসহ নরসিংদী জেলাবাসী।