চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনার চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত রোববার রাতে গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সীতাকু- থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় গাড়ির চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য চট্টগ্রাম কাস্টমস-এ হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।