মানুষের সুস্থতা নিশ্চিত করতে মাটি ও বৃক্ষরাজির সুরক্ষা সমানভাবে জরুরি বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ওয়েবপেজ আপডেট দক্ষতা: ব্যক্তিগত ওয়েব উপস্থিতি কার্যকরভাবে গড়ে তোলার কৌশল ও পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রসঙ্গ টেনে ভিসি বলেন, মানুষের স্বাস্থ্য কেবল চিকিৎসার ওপর নির্ভরশীল নয়, বরং উর্বর মাটি, পুষ্টিকর খাদ্য এবং সবুজ পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তিনি উল্লেখ করেন, মাটির অণুজীব ফসলের পুষ্টিমান বাড়িয়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, একই সঙ্গে মাটি পানি ধারণ, বন্যা ও ভূমিক্ষয় রোধ এবং কার্বন শোষণের মাধ্যমে জলবায়ু ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বৃক্ষরাজি অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় অপরিহার্য। সবুজ পরিবেশ মানুষের মানসিক সুস্থতাও নিশ্চিত করে। গাকৃবি কৃষি, পুষ্টি ও পরিবেশ বিষয়ে গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক, আইকিউএসি, প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও শাখা প্রধানরা অংশ নেন।