পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার পাথরঘাটায় সাম্প্রতিক সময়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘটিত সহিংস মারামারি ও কোপাকুপির ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উভয় দলের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দায়েরকৃত চারটি পৃথক মামলার ভিত্তিতে বিএনপির তিনজন ও জামায়াতের চারজন নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. বজলুর রহমান এবং রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে (গদি কালাম)। অতি সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, মারধর ও দেশীয় অস্ত্র নিয়ে কোপাকুপির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী মোতায়েন করে।