জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছিল। এর আগে শনিবার (৩১ মে) রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায় বাপেক্স।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, দুই হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। আর এক হাজার ৪৪১ থেকে এক হাজার ৪৪৫ মিটার নিচ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে। তার ওপরে আরও একটি স্তর রয়েছে। ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়া তেল বা অন্য পদার্থ রয়েছে কি-না তাও পরীক্ষা শেষে জানা যাবে।
তিনি আরও জানান, তিন মাস মেয়াদি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৬৮ কোটি টাকা।
১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সিসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থ বছরে সিসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থ বছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।