সিলেটের জৈন্তাপুরে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক মারা গেছেন। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহতের নাম মো. আতিক আহমেদ (২০)।

সে জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

এর আগে ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায়টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। এসময় আতিক আহমেদ গুলীবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবি সদস্যসহ ৭ জন আহত হন।। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আহত আতিক আহমেদ সোমবার বিকেলে ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।