গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রায়হান সিরাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির জনাব মোঃ তাজউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, আশরাফুল আলম, মুজাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোগীরা যেন একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে চিকিৎসা নিতে পারেন, সে লক্ষ্যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি নিয়মিতভাবে হাসপাতাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।