নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে জান্নাত ভ্যারাইটিজ স্টোর, ইব্রাহিম স্টোর ও দুলাল হোসেনের ভ্রাম্যমাণ খাবারের দোকানের মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়।
আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এসময় লাকসাম ফায়ার সার্ভিসে ফোন দিলে ফোন রিসিভ না করে কল কেটে দেয়া হয় বলে দাবি করেন স্থানীয়রা। অগ্নি কান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দায়েমছাতি খিলপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দায়েমছাতি বাজারের জান্নাত ভ্যারাইটিজ স্টোর স্বত্বাধিকারী আব্দুল করিমের দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়, এতে তার ৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী আব্দুল করিমের। একই এলাকার আজিয়াপাড়া গ্রামের তেতৈয়া পাড়ার নিজাম উদ্দিনের ছেলে ইব্রাহিম স্টোরের মালিক ইব্রাহিম হোসেনের মোরগ ও কাঠ দোকান পুড়ে যায়, ফলে তার আনুমানিক চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ওই ব্যবসায়ী। এছাড়া হেসাখাল পূর্বপাড়ার মরহুম রঙ্গু মিয়ার ছেলে ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা দুলাল হোসেনের মালামাল পুড়ে তার ৪ হাজার টাকার ক্ষতি হয় এবং পার্শ্ববর্তী দোকান মজুমদার স্টোরের মাহবুবুল হক মজুমদারের দোকানের একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।