মাগুরা সংবাদদাতা : মাগুরায় দারিদ্র্য বিমোচনে যাকাতের কার্যকর ভূমিকা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এর তাৎপর্য বিষয়ক সেমিনার ২৫ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, মাগুরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, যাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, সঠিকভাবে যাকাত আদায় ও বিতরণ নিশ্চিত করা গেলে তা দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বৈষম্য কমাতে কার্যকর অবদান রাখতে পারে। তিনি যাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে মাগুরার বিশিষ্ট ওলামায়ে কেরামগণসহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।