স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
অস্বচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ১০টি পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এবং একটি জার্মানভিত্তিক মুসলিম সেবামূলক সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ৭টি এবং সনমানিয়া ইউনিয়নের ৩টি অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক জোড়া করে মোট ২০টি ছাগল প্রদান করা হয়, যা তাদের জন্য একটি টেকসই আয়ের উৎস হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন এমপি,সালাউদ্দিন আইউবী। এ সময় তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার জন্য উৎপাদনমুখী সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। এই ধরনের উদ্যোগ মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় ভবিষ্যতেও আরও পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে এবং উপকারভোগীদের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলাম সেক্রেটারী মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ হোসেন বকুল, কৃষিবিদ জসীমউদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
স্থানীয়রা এ উদ্যোগকে জনকল্যাণমুখী ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন। উপকারভোগীরা ছাগল পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানান।