রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা
রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, বৈষম্যহীন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা জনগণের ও রাষ্ট্রের সম্পদ সততার সাথে জনগণের কল্যাণের জন্য ব্যবহার করবো।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলার সকল মানুষের জন্য এমপি নির্বাচিত হয়েছি, শুধু কোন দলের জন্য নয়। যেকোনো ব্যক্তির বৈধ অধিকার বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। সরকারি বরাদ্দ যা আসবে তার সবটুকুই জনগণের মাঝে বিতরণ হবে, ইনশাআল্লাহ। কেউ দুর্নীতি বা অনিয়ম করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত ২২ মার্চ সকালে বদরগঞ্জ পৌরসভার মডেল মসজিদ অডিটরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে সাবেক এবং বর্তমান দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বদরগঞ্জ উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখা সেক্রেটারি মোহাম্মদ সাধিন মিয়া এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি রোববার বিকেলে জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার গুপিনাথপুর ইউনিয়নের উদ্যোগে স্থানীয় শালবাড়ী হাট হাইস্কুল মাঠে আয়োজিত অপর এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আকমল হোসেন এতে সভাপতিত্ব করেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি সোমবার বিকেলে জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার মধুপুর ইউনিয়নের উদ্যোগে স্থানীয় কাজীরহাট হাইস্কুল মাঠে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস এতে সভাপতিত্ব করেন।
এর আগে সোমবার দুপুরে এটিএম আজহারুল ইসলাম এমপি জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে স্থানীয় নটারাম হাইস্কুল মাঠে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন।
একই দিন সকালে এটিএম আজহারুল ইসলাম এমপি পেশাজীবী ফোরাম বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার ড্রীমল্যান্ড স্কুল অডিটরিয়ামে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শোয়াইবুর রহমান এতে সভাপতিত্ব করেন।