গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আ ইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, প্রসাদপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক কামরুল হুদা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, জেলা সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদরাসার সুপার মাওলানা একরামুল হক এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা তাদের অর্জিত সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার সংকল্প ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে গোমস্তাপুরে শিক্ষা ক্ষেত্রে সৃজনশীল প্রতিভার বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।