চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পাচজন যুবক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ব্যানার হাতে স্লোগান দিতে থাকেন। ব্যানারে লেখা ছিল‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক স্বজলের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়। উপস্থিতদের মধ্যে তিনজনের মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে ইমদাদুল হক স্বজলকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা দিতেও শোনা যায়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দলীয় কার্যালয় ঘিরে এমন কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রকাশ্য কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। ভিডিও যাচাই-বাছাই করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।