গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ডক্টর মু. মিজানুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য।

রোববার (২২ ফেব্রুয়ারি) নেজামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমপি ডক্টর মু. মিজানুর রহমান উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার মূল শক্তি। নেজামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এলাকার রাস্তাঘাট সংস্কার, সেচব্যবস্থার উন্নয়ন এবং যুব সমাজকে দক্ষ করে তোলার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থানীয়রা নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, ড. মিজানুর রহমানের নেতৃত্বে নেজামপুর ইউনিয়ন উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে যাবে।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ শুভেচ্ছা বিনিময় কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাঁশখালীতে অগ্নিদুর্গত ছয় পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের অগ্নিদুর্গত ছয় পরিবারের মাঝে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২২ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাথে সাক্ষাৎ করতে যান চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি ছয় পরিবারকে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করেন।

এসময় জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, শীলকূপ ইউনিয়ান জামায়াতের আমীর মাও হোছাইন আহমদ কাশেমী, নায়বে আমীর আব্দুর রহিম, সেক্রেটারী রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, আল্লাহ তা’য়ালা তার প্রিয় বান্দাদের ভয়-ক্ষুধা-সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করে থাকে। বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।